নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহত্তর ব্যবসা কেন্দ্র মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ এবং বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ আব্দুর রশীদ সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন। সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি ও সমিতির উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান। এছাড়াও ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোঃ আব্দুস শাকুর বক্তব্য রাখেন। এসময় মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। এটা রাষ্ট্রীয় আইন। তিনি আরো বলেন, আসছে রমজান মাসে কেউ যাতে নিত্যপণ্য সামগ্রী গুদাম মজুদ করে বেশি মুনাফা করতে না পারে তার জন্য সকল ব্যাবসায়ী দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
