বান্দরবানের রুমায় বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ লাল জিয়াম বম (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় চট্টগ্রাম র্যাব-৭ এর অফিসার মেজর মাসুদের নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় অস্ত্র ব্যবসায়ী লাল জিয়াম বমকে (৩৮) একটি ঘরের ভিতর থেকে আটক করে। তার কাছ থেকে ১টি চায়নিজ পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব সদস্যরা রুমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: নজরুল ইসলাম জানান, ‘র্যাবের একটি টিম অভিযান চালিয়ে আটক করা আসামী লাল জিয়াম বম এবং অস্ত্র-গুলি রুমায় থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটক এই ব্যক্তির বিরুদ্ধে রুমা থানায় অস্ত্র আইনে আগেরও একটি মামলা রয়েছে।’
