উপজেলা প্রশাসনের সহায়তায় রবিবার বেগম দিবস পালন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। একই সাথে ‘জয়িতা অন্বেশনে বাংলাদেশ’ এর আওতায় জয়িতা পুরস্কার ও ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী (সাঁত মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর) সাধন তঞ্চঙ্গ্যার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রূপম চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিব, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী হিসেবে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনা এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা এসব বিষয়ের ওপর মান আরোপ করে ৪জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, ‘নারীদের উন্নয়ন ও পুরুষের সমতা বিধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
