একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠুভাবে পরিচালনা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে বিদেশি পর্যটকদের ভ্রমণে কড়াকড়ি দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: দাউদুল ইসলাম। গত রোববার দুপুরে প্রশাসন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় তিনি এমন কড়াকড়ি দেন।
এ সময় সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সিভিল সার্জন ডা: অং সুই প্রু, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘বিদেশি নাগরিকদের ভ্রমণের সময়ে প্রশাসনকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। বিদেশীদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাই নির্বাচন চলাকালীন সময় এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা আশঙ্কাও রয়েছে। এ কারণে ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত কোনো বিদেশি নাগরিকদের পর্যটন শহর বান্দরবান ভ্রমনে স্বাগতম জানাচ্ছি না। ৫ জানুয়ারির পর আগের নিয়মেই তারা বান্দরবান ভ্রমণ করতে পারবেন।’