রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (১০) নামে এক বালকের মৃত্যু হয়েছে। পৌরসভার তৈছালাপাড়ায় রামগড়-খাগড়াছড়ি সড়কে জালিয়াপাড়া থেকে রামগড়গামী একটি অটোরিক্সা (সিএনজি)’র ধাক্কায় বালকটি নিহত হয়। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত বালক পৌরসভার কালাডেবা এলাকার মো. আবুল বাসারের ছেলে।
রামগড় থানার উপ পরিদর্শক শামসুল আমীন জানান, নিহত সাইফুল ইসলাম তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী দ্রুতগতির একটি অটোরিক্সা (সিএসজি) ছেলেটিতে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে ছেলেটির মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক সিএনজি এবং ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
