মানিকছড়ি প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মানিকছড়িতে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১ সংরক্ষিত নারী প্রার্থী ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ৯ জন সাধারণ সদস্য জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন।
জানা গেছে, উপজেলার ৩ ইউপির নির্বাচনে গত ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে ৩ জন দলীয় (নৌকা), ২ জন বিদ্রোহী ও ২ স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩০ জনসহ মোট ১৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে ১জন সাধারণ সদস্য পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে মানিকছড়ি ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বিদ্রোহী হিসেবে দলের উপদেষ্টা ম-লীর সদস্য যোগ্য মারমা ও স্বতন্ত্র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দিন (হাতপাখা)। ২নং বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে মো. আবদুর রহিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মংসা প্রু মারমা নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করছেন এবং ৪নং তিনটহরীতে বিদ্রোাহী প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
এছাড়া সাধারণ সদস্য পদে মানিকছড়ি ইউপিতে ৩৬জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৫ নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডে মো. আবদুর রহিম ও মো. ফারুক মিয়া এবং ৯ নং ওয়ার্ডে মাওলানা আবদুল মজিদ নিজামী। এখানে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩জন। ২নং বাটনাতলী ইউপিতে ২৯ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৭ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪ নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ সুরুজ মিয়া, ৬ নং ওয়ার্ডে মো. আবদুল করিম ও মো. সামছুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে মো. হানিফ মিয়া, ৮ নং ওয়ার্ডে লাব্রেচাই মারমা, ৯ নং ওয়ার্ডে বরেন্দ্র ত্রিপুরা। এখানে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৭জন। ৪নং তিনটহরী ইউপিতে ৩১জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪ নং ওয়ার্ডে মো. রমজান হোসেন, মো. আবদুল করিম, মো. ফারুক হোসেন, আলী আশ্রাফ, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, আবুল হাশেম ও ক্যজাই মারমা, ৯ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন। সংরক্ষিত পদে মরিয়ম বেগম প্রত্যাহার করায় এখন প্রার্থী ৮ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
