রামগড় প্রতিনিধি
ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ে ১ম ধাপ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খাগড়াছড়ির রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের ১ম ধাপে আরো ১৩৩ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। যা আগামী ২২ মার্চ সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সুয়ালী উদ্বোধন শেষে রামগড়ে নির্মিত এসব ঘরের চাবি ও দলিল উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে রামগড় উপজেলাতেও ৩৪৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ১৩৩টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ৩৭টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৭৩টি নির্মিত ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হবে। এনিয়ে উপজেলায় মোট ৪৭৬টি পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারের এই সুফল ভোগ করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সচিব মো. নজরুল ইসলাম জানান, এসকল সুবিধাভোগীদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সহ নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, লে-আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
