পানছড়ি প্রতিনিধি
‘বাঁচাও পোল্ট্রি শিল্প রক্ষা করুন কর্মসংস্থান’ শ্লোগানে খামারিদের সুনির্দিষ্ট নীতিমালা গঠন, সিন্ডিকেট মুক্ত মৎস্য ডেইরি ও পোল্ট্রি ব্যবসায় করার লক্ষ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সদর ইউপি হলরুমে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন, পানছড়ি উপজেলা শাখা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মল্লিক।
বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পই হচ্ছে সবচেয়ে সস্তায় প্রাণীজ আমিষ যোগানোর মাধ্যম। ব্যাপকভিত্তিক কর্মসংস্থানমুখী সমৃদ্ধ শিল্প এটি। গ্রামীণ পরিবারের গৃহস্থালি কাজের আয়বর্ধনেরও একটি হাতিয়ার। এই শিল্প যেমন লক্ষ লক্ষ লোকের কর্মের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে সস্তায় পুষ্টির যোগান দিয়ে দেশে মেধাবী এবং সুস্থ সবল প্রজন্ম সৃষ্টিতে অবদান রাখছে। তবে বর্তমান সময়ে এই শিল্প যেন বিপরীতমুখী দিকে ধাবিত হচ্ছে। ক্রমাগত বাচ্চা, খাদ্য, ঔষধসহ আনুষাঙ্গিক খরচের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের কারণে শঙ্কায় ভুগছেন প্রান্তিক খামারিরা। এছাড়া পোল্ট্রি শিল্পকে বাঁচাতে ছয় দফা দাবি তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশ পোল্ট্রি শিল্প সংগঠন পানছড়ি উপজেলা শাখা’র ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। মো: আলমগীর হোসেনকে সভাপতি, মো: আব্দুল কাদের মির্জাকে সাধারণ সম্পাদক ও মো: ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
