বাঘাইছড়ি প্রতিনিধি
‘প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না’-এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন করে ৮০ টি পাকা ঘর তৈরি করা হয়েছে। এরইমধ্যে নতুন ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হবে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাঘাইছড়িতে সর্বমোট ৩৩০ টি ঘর তৈরি করা হয়েছে এবং এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে এক-তৃতীয়াংশ শারীরিক প্রতিবন্ধি এবং স্বামী পরিত্যক্তা অসচ্ছল পরিবার রয়েছেন। প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহাফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান আপন চাকমা, জ্ঞান কার্বারি।
