বুধবার থেকে সারাদেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটি জেলা মৎস্য অফিস। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন।
এতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ছরওয়ার জাহাঙ্গীর, বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র রাঙামাটি উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. জাহিদুল হক প্রমুখ।
এসময় সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বুধবার ছিলো মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটি পৌর এলাকায় মাইকিং ও প্রচারণা। দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাঙামাটি জেলা শহরে অনুষ্ঠিত হবে জাতীয় মৎস্য সপ্তাহের র্যালি ও র্যালি পরবর্তী মাছের পোনা অবমুক্তকরণ। সকাল দশটায় র্যালিটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে পোনা অবমুক্ত করা হবে।
তৃতীয় দিন শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে জেলা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা মৎস্য অফিস প্রাঙ্গণে। এদিন থেকে শুরু হবে তিনদিন ব্যাপি মৎস্য মেলা। চতুর্থদিন শনিবার সকাল নয়টায় জেলা শহরের রিজার্ভবাজার ও বনরূপায় অনুষ্ঠিত হবে ফরমালিন বিরোধী অভিযান ও সকাল ১১টায় কাপ্তাই হ্রদে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট।
পঞ্চম দিন বরিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত রাঙামাটি শহরের শাহ বহূমুখী উচ্চ বিদ্যালয়ে মৎস্য বিষয়ক আলোচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ দিন সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন হাট, জনবহুল স্থানে মৎস্য বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হবে। শেষদিন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাঠালতলী প্রাঙ্গণে।
