রাঙামাটির নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে আকাশ কর্মকারকে সভাপতি, রুবেল মৃধাকে সাধারণ সম্পাদক এবং তুফান চাকমা সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষনা করা হয়।
এদিন সংগঠনটির উপজেলা শাখার বিদায়ী সভাপতি জুয়েল বড়ুয়ার সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক রিপন দাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশ। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও প্রধান বক্তা ছিলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে তিন সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে জেলা শাখার নিকট জমা দানের নির্দেশ দেন তারা।
