নিজস্ব প্রতিবেদক ॥
মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের কৃত্রিম প্রজনন কার্যক্রমের নিবিড় তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জেলা মনিটরিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ ভবনে এই সভা আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. তুষার কান্তি চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. একেএম হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত, জেলা ভেটেরিনারি অফিসার ডা. নাজমুল, জেলা প্রশিক্ষণ অফিসার ডা. মো. মান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লেলিন দে, সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. পলি রানী ঘোষসহ দশ উপজেলা বিভিন্ন প্রাণিসম্পদ কর্মকর্তাগণ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের প্রাণিজ চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন খামারিরা। তাদের সঠিক পরামর্শ ও নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে এই খাত এগিয়ে নিচ্ছেন প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীগণ। তিনি বলেন, গাভীজাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজননে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণে বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীদের আরো আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে তিনি জেলা প্রাণিসম্পদ দপ্তর, কৃত্রিম প্রজনন কেন্দ্র, সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামার, আঞ্চলিক হাঁস প্রজনন খামার, শুকর খামার পরিদর্শন করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
