সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মোঃ নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্ঠা সুধাংশু চক্রবর্তী, শ্রী শ্রী দুুর্গাপুজা উদযাপন পরিষদ ১৭ এর সভাপতি অমল কান্তি দাশ, শ্রী শ্রী দুুর্গাপুজা উদযাপন পরিষদ ১৮ এর সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখরসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
সভায় আয়োজক কমিটি জানায়, আগামী ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পাঁচদিনব্যাপী বান্দরবানে নানা আয়োজনে এই শারদীয় দুর্গোৎসব উৎসব উদযাপন হবে। আর এবারে বান্দরবান জেলায় সর্বমোট ২৫টি পূজামন্ডপে দুর্গোৎসব চলবে।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা ও টহল পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান।
