ডেস্ক রিপোর্ট॥
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পিটারসন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিদর্শন করেছেন। রবিবার বিকেলে রাষ্ট্রদূত জেলা পরিষদে এসে পৌঁছালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এর প্রতিনিধি সদস্য অংসুইছাইন চৌধুরী রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এর পর তাঁরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী বলেন, ২০০৯ সালে ডানিডার অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে তিন পার্বত্য জেলায় কৃষি এবং খাদ্য নিরাপত্তা প্রকল্প শুরু হয়। এ প্রকল্পটি এই এলাকার খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে ভালো ভূমিকা রেখেছে। এছাড়া ২০১৯ সাল থেকে ডানিডার অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে তিন পার্বত্য জেলায় সিসিআরপি (সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স প্রজেক্ট) নামে আরেকটি প্রকল্প শুরু হয়। পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই প্রকল্পটি ২০২২ সালে বিশ^ জলবায়ু সম্মেলনে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এটি ছিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জন্য বিশ^মঞ্চে একটি বড় স্বীকৃতি। এ স্বীকৃতি যেমন পার্বত্যবাসীর জন্য একটি বড় অর্জন তেমনি ডেনমার্ক সরকার এবং ইউএনডিপি না হলে এধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেতামনা। আমি একারণে ডেনিশ সরকার, ইউএনডিপিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পিটারসন তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য অঞ্চলের কৃষি, পানি, খাদ্য এবং জীববৈচিত্রের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ডেনমার্ক সরকারের বিশেষ কমিটমেন্ট আছে। ইউএনডিপির সহায়তায় ডেনমার্ক সরকার এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে এসেছে। বিশেষ করে বিশ^ব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় আমাদের সরকার সহায়তা করে থাকে।
সাক্ষাতকার অনুষ্ঠানে ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সহকারি আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, ডেনিশ দূতাবাসের উপদেষ্টা বিটাকিন তাসকিন ইসলাম, ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা ও পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
