পানছড়ি প্রতিনিধি॥
শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেড ৩০ বীরের আয়োজনে পানছড়ি সাব জোনের সহযোগিতায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী ক্যাপ্টেন মোঃ মাহিম ইব্রাহীম (আরএমও), ডাক্তার ইসরাত জাহান রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। এই সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহামুদ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক রোগী উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা নিতে এসে শনটিলা গ্রামের বাসিন্দা হালিমা বেগম, শরাফি উদ্দিন, মানিক চাকমাসহ বেশ কয়েক জনের সাথে আলাপকালে তাঁরা জানান, শনটিলা এলাকায় প্রায় ৪০০ পরিবারের বসবাস। আশপাশ এলাকার সড়ক যোগাযোগ ভালো থাকলেও এই এলাকার সড়ক পথ একেবারেই অচল। শুধু ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিলেই এখানকার মানুষজন অন্তত যোগাযোগ ও চিকিৎসা সেবা ভালো পেতো। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় জরুরী রোগী নিয়ে যাতায়াত কঠিন হয়ে পরে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকলে আমরা প্রত্যন্ত এলাকার লোকজন কঠিন ও জটিল রোগের সেবাসহ ভালো চিকিৎসা সেবা পেতাম।
পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহামুদ বলেন, পার্বত্যাঞ্চলের প্রতিটি উন্নয়নের ও সেবার সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও অসহায় দুঃস্থদের পাশে খাগড়াছড়ি জোন সবসময়ই পাশে আছে ও থাকবে।
