হেফাজত সবুজ ॥
রাঙামাটিতে দীর্ঘ ৯ বছর পরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটিতে থেকে অনেকেই জাতীয় দলে খেলেছেন। অতীতে অনেকে ফুটবলের সুনাম বৃদ্ধি করেছিলেন। কিন্তু দিন দিন সেই সুনাম হারিয়ে গেছে। পুরুষরা না পারলেও বর্তমানে নারী ফুটবল দলে দাপিয়ে বেড়াচ্ছেন রূপনা, ঋতুপর্ণরা। আমরা চাই রাঙামাটির হারানো গৌরব আবার ফিরে আসুক। মেয়েদের পাশাপাশি ছেলেরাও জাতীয় দলে জায়গা করে নিবে। তাই এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। এখন থেকে নিয়মিত ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের আশ^াস জেলা ক্রীড়া সংস্থার।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কাউখালী উপজেলা ও জুরাছড়ি উপজেলা দল। আক্রমণ ও আর পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও প্রথমার্ধে জুরাছড়ি এক শূন্য গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে এক এক গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪- ৩ গোলে জুরাছড়ি উপজেলাকে হারিয়ে বিজয়ী হয় কাউখালী উপজেলা দল।
টুর্নামান্টে মোট ১০ দল অংশ গ্রহণ করছে।
