করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) নিরাপত্তা ও পরিবহন কর্মকর্তা মো. হাবিব উল্যা (৪৮)। সোমবার রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সিএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহ………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৪ ভাই ৪ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. মো. ওমর ফারুক রনি জানান, রাঙামাটির জেনারেল হাসপাতাল পিসিআরল্যাবের রিপোর্টে গত ১৪ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং পরে তাকে চট্টগ্রামের সিএসটিসি হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে এগোরোটায় স্বাস্থ্যবিধি মেনে কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে কেপিএম কবরস্থানে দাফন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে হাবিব উল্যার স্ত্রী নাজমা বেগম নিনা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার মেয়ে নাঈমা বিনতে হাবিব (অপূর্বা) ও করোনায় আক্রান্ত।
সদালাপী ও সদা হাস্যোজ্জল সাবেক এ্যাথলেট হাবিব উল্যার মৃত্যুতে সমগ্র কেপিএম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাযায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) মাজাহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (উৎপাদন) গোলাম সরওয়ার, কেপিএমের শ্রমিক- কর্মচারীসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
