বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ। সোমরাত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৭ সেপ্টেম্বর বান্দরবান সদরের ঘুরে বেড়ানো এক মানসিক প্রতিবন্ধী (পাগল) নারীকে ধর্ষণের অভিযোগে বান্দরবান বাজার থেকে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার যুবকের নাম জামাল হোসেন (২৫)। তার বাড়ি পটুয়াখালীর দশমিনায়। তবে দীর্ঘদিন ধরে সে বান্দরবান পৌরসভার ওয়াপদা ব্রিজ এলাকায় বসবাস করে আসছে। এদিকে ধর্ষণের পর প্রতিবন্ধী নারী অন্তসত্তা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ শহরের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ধর্ষকের চেহারা শনাক্ত করতে সক্ষম হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী রাজেশ দাস বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা প্রতিবন্ধী নারী অন্তসত্ত¡া হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্ষণের নারীর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগীতার উদ্যোগ নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। ধর্ষক জামাল হোসেনের বিরুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
