বান্দরবানে ভয়াবহ আগুনে রোয়াংছড়ি বাজারের দেড় শতাধিকের বেশি দোকান-ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতে সাড়ে বারোটার পর এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলা বাজারের একটি ব্রয়লারের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের দেড় শতাধিকের বেশি দোকান ও ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
তারমধ্যে সাতটি চাল ডাল’সহ খাদ্য সামগ্রী মওজুদের বড় গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু জানান, বাজারের দেলোয়ার ব্রয়লারের দোকানে বৈদ্যতিক শশর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ছোট বড় ৭২টি দেকান এবং সংযোক্ত ঘর আগুনে পুড়ে গেছে। সাতটি খাদ্য মওজুদের গুদামও পুড়েছে। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্তের পর জানানো যাবে।
