শুক্রবার দুপুর আড়াইটায় রাঙামাটি শহরের কাঠালতলি এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হয়েছেন আমানউল্লাহ নামের এক তরুণ। মোটরসাইকেল আরোহি এই তরুণকে বিপরীত দিক থেকে আসা একটি গাছবোঝাই ট্রাক চাপা দেয়। ট্রাকটি আমানের পায়ের উপর উঠে যায়। গুরুতর আহত আমানকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে,সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আমান রাঙামাটির মরহুম সাংবাদিক আহমব নবীর কনিষ্ঠ পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে বনরূপার দিক থেকে মোটরসাইকেল যোগে কাঠাতলীর দিকে আসছিলেন আমান। কাঠালতলী পাড়ার মুখ পেরিয়ে আসবাবপত্র ব্যবসায়ি ভবনের সামনে বিপরীত দিক থেকে একটি গাছবোঝাই ট্রাক রংসাইড দিয়ে আসলে নিজের মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারায় আমান। এইসময় তার মোটরসাইকেলটি ট্রাকের নীচে চলে যায়। ট্রাকের নীচে চাপা পড়েন আমান। আশেপাশের মানুষের চিৎকারে ট্রাকটি পায়ের উপর থেকে নামে আমানের। দ্রুত আমানকে রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্র্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তার অবস্থা আশংকাজনক জানিয়ে দ্রুত চট্টগ্রামে পাঠায়। আমান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ট্রাক ও মোটর সাইকেলটিকে জিম্মায় নিয়েছে।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘পুলিশ মোটর সাইকেল ও ট্রাকটি জব্দ করেছে। এই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।’