রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় পরান চাকমা (২৮) নামের এক মোটর-সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সাজেক সড়কের দুইনং কালবার্ট নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তনয় চাকমা (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত পরান চাকমা উপজেলার করেঙ্গাতলী এলাকার দেবরাজ চাকমার ছেলে। আহত তনয় চাকমা একই এলাকার নুরেশ চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে বাঘাইহাট থেকে মাচালং এর উদ্দেশ্যে একটি জীপগাড়ি (চট্টগ্রাম নং-২১৪) ২নং কালবার্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটর-সাইকেল (রাঙামাটি হ-১১২০৩৪) বেপরোয়া গতিতে এসে জীপগাড়ির সাথে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বাঘাইহাট জীপ সমিতির লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে দীঘিনালায় চিকিৎসাধীন অবস্থায় পরান চাকমার মৃত্যু হয়।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জীপগাড়ি ও মোটরসাইকেল-দুইটাই পুলিশি হেফাজতে আছেন।’