রাঙামাটিতে এই প্রথম যুক্ত হলো আধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান মেশিন। শহরের রাজবাড়ি এলাকায় অবস্থিত প্রাইভেট ক্লিনিক ‘লেক সাইট হাসপাতাল’-এ বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই জাপানী স্ক্যান মেশিন। সোমবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসুন বড়–য়া ফিতা কেটে সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করেন।
এ সময় রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ডা. মনোজ কুমার বড়–য়া, সহযোগী অধ্যাপক ডা.আবদুস সালাম, সহযোগী অধ্যাপক ডা. গৌরব দেওয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রবণ কুমার চাকমা, লেক সাইটের পরিচালনা পর্ষদের সদস্য মানস মুকুল চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডা.শওকত আকবরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, ‘রাঙামাটির চিকিৎসা ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রযুক্তির জাপানি সিটি স্ক্যান মেশিন বসানো হলো। এতে করে এই অঞ্চলের মানুষ দুর্ভোগ কিছুটা লাঘব হবে। এর আগে রাঙামাটির রোগিদের সিটি স্ক্যান করতে চট্টগ্রাম যেতে হতো। এখন আর বাড়তি টাকা পয়সা খরচ করে আর সিটি স্ক্যান করতে চট্টগ্রাম যেতে হবে না। রাঙামাটির মানুষদের চট্টগ্রাম গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে সিটি স্ক্যান করতে হয়, তারপর আসা-যাওয়াসহ আনুষাঙ্গিক ও সময় লাগতো ২/১ দিন। এখানে সিটি স্ক্যান মেশিন স্থাপন করাতে উপকার হলো সাধারণ মানুষেরই। সিটি স্ক্যানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে ইসিজি আল্ট্রাসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানো যাবে স্বল্প খরচে।’
