রাঙামাটি জেলার লংগদু উপজেলা নিবাসী মটর সাইকেল চালক নুরুল ইসলাম (নয়ন) এর লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে লংগুদু সদরে পাহাড়ি জনগণের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
শুক্রবার বিকালে পানখাইয়া পাড়া থেকে মিছিল শুরু হয়ে মধুপুর বাজার প্রদক্ষিণ করে মধুপুর ও সাতভাইয়া পাড়া মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পাহড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘পাহাড়ি জনগণের বাড়িঘরে অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি করার পরেও পাহাড়িদের গ্রামে হামলা চালানো হয়। বাঙালিরা পাহাড়ি জনগণের বাড়িঘরে আগুন লাগানো এবং লুটপাট করার সময় প্রশাসনের লোকেরা সাথে ছিলো।’
বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে লংগদু উপজেলায় নিরীহ পাহাড়ি জনগনের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ও উস্কানীদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি এবং লংগদুতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগণের যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া খাগড়াছড়ি জেলার পানছড়ি, দীঘিনালা, গুইমারা থানায় তিন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।