বান্দরবানে ঘূর্নিঝড় মোরা‘য় ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামীলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রুসহ বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন আওয়ামীলীগের প্রতিনিধি দল।
পরে ঘুমধুম পরিষদে ক্ষতিগ্রস্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫০ মে:টন চাল ও ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নাইক্ষংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় ৩০ মে: টন চাল বিতরণ করা হয়।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন দলের নেতাদের। নেত্রীর নির্দেশনা মোতাবেক দলের শীর্ষ নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। এ ছাড়াও পার্বত্য মন্ত্রণালয় থেকে ঘুর্ণি দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সমগ্রী বরাদ্দ দেয়া হয়েছে।
প্রসঙ্গত: গত মঙ্গলমার ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লামা উপজেলায় একজনের মৃত্যু হয়।