‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন’- এমন অভিযোগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্র ইউনিয়নের কলা ইউনিটের সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারিকে গ্রেফতার করেছে রাঙামাটি পুলিশ। প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয়ার পর এক ছাত্রলীগকর্মীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় তাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় কোতয়ালি থানা পুলিশ। নিরাপত্তা হেফাজতে নেয়ার পাঁচ ঘন্টা পর রাত এগারোটায় তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন চম্পকনগর এলাকার জনৈক মো: রুহুল আমিনের পুত্র ছাত্রলীগ কর্মী এহসান উদ্দিন ঋতু (২১)। এই মামলায় চায়না পাটোয়ারিকে গ্রেফতার দেখায় পুলিশ। পরে তাকে শনিবার আদালতে হাজির করা হলে আদালত না বসায় তাকে হাজতে পাঠানো হয়। রবিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই মামলায় ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা শাওন বিশ্বাসকেও আসামী করা হয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: নোমান হোসেন (২১) এবং কিছুদিন পূর্বে ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দেয়া দীপংকর দে (২৩) কে।
এর আগে চায়নার স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেসবুকে তার তীব্র সমালোচনার পাশাপাশি শুক্রবার শহরের রিজার্ভবাজারে বিক্ষোভ মিছিল করে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের কর্মীরা। একই সময়ের শহরের বনরূপায় মানববন্ধন করার চেষ্টা করে মামলার বাদী এহসানসহ কিছু ছাত্রলীগকর্মী। কিন্তু পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি তারা।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, চায়না পাটোয়ারিকে আমরা নিরাপত্তা হেফাজতে এনেছিলাম,পরে কিছু ছেলে এসে মামলা করতে চাইলে যেহেতু একই ঘটনা,তাই আমরা একটি মামলা গ্রহণ করেছি। এখন মামলা হয়েছে,তাকে আদালতে হাজির করা হয়েছিলো,কিন্তু কোর্ট না বসায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার আবার আদালতে হাজির করা হবে।