হেফাজত সবুজ
‘আমাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের কেন্দ্রীয় নেতারা রাঙামাটিতে এসে দলকে চাঙ্গা করতে কর্মীসভা করেছেন,এতে নেতাককর্মীদের মাঝে কাজের গতি বেড়েছে। ধন্যবাদ জানাই, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগকে, তারা সবাই ইউনিয়ন, উপজেলা পর্যায়ে সম্মেলন করেছেন। শুধুমাত্র ছাত্রলীগ কিছুই করতে পারেনি। মনে রাখতে হবে, সামনে নির্বাচন, সম্মেলন করতে না পারলে কর্মীরা চাঙ্গা হবে না, তার প্রভার নির্বাচনে পড়বে।’
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এইসব কথা বলেছেন রাঙামাটি থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার,যিনি একই সাথে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও।
জাতীয় ইস্যুতে দীপংকর বলেন, ‘আওয়ামীলীগ কর্মী নির্ভর দল। জেলায় আমি একজন ছোট মাঝি, আমাদের প্রধান মাঝি হচ্ছেন শেখ হাসিনা, তাই আমরা সঠিক পথে আছি। কিন্তু বিএনপিতে কোন মাঝি নেই, তাই তারা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছেননা,বারবার পথ ভ্রষ্ট হচ্ছে।’
দীপংকর তালুকদার বলেন, অতীতে সংসদ নির্বাচনে দল হতে আমি একাই মনোনয়ন চেয়েছি, অন্য কেউ চায়নি। তাই বলে আগামীতে যে কেউ চাইবেনা, এমনটা ভাবার কোন অবকাশ নেই। এই চাওয়া পাওয়া নিয়ে বিভ্রান্ত হলে চলবেনা। আজকাল আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রায়ই একটা কথা শোনা যায়, দলে আওয়ামীলীগ নয় ‘আমিলীগ’ বেড়ে গেছে। এই ‘আমিলীগ’ নিজে পদ পেলে সব ঠিক আছে, আর না পেলে কিছুই ঠিক নেই। নির্বাচনের দলীয় মনোনয়নেও একই অবস্থা। এখানেই শেষ নয়, এরা পদ বা জিতে গেলে শুরু করে ‘আমিলীগ’ গঠন। এদের কারণেই আজ হাইব্রিডের জয়জয়কার। এই সব ‘আমিলীগ’ থেকে সতর্ক থাকতে হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয় দীপংকর তালুকদার বলেন, আমরা চাই এখানে জাতীয় রাজনীতির প্রসার ঘটুক, কিন্তু একদল আছে, তারা চায় এখানে আঞ্চলিক রাজনীতিই থাকুক। তাদের কারণে আমাদের নেতা কর্মীরা প্রচন্ড ঝুুঁকি নিয় রাজনীতি করছে। এদের ভয় পেলে চলবে না। রুখে দাঁড়াতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে।’
আন্তর্জাতিক ইস্যুতে দীপংকর বলেন, ‘আমেরিকা আমাদের পিছে লেগে আছে, কিছু না হলেও নানা কথা বলে আমাদের চাপে রাখতে চায়, মানবাধিকার লংঘনের ধোঁয়া তোলে । অন্যদিকে মোদিকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন করার পরে ইন্ডিয়ায় বিবিসি কার্যালয়ে এক মাসেরও কম সময়ে ৪ বার অভিযান চালিয়ে তাদের হেনস্তা করেছে। কই আমেরিকা তো বলছেনা ইন্ডিয়ার মত প্রকাশে বাঁধা দেয়া হচ্ছে বা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। জানি সেটা বলবেন না বা বলতে পারবেননা। কিন্তু আমাদের বলবেন, কারণ গরীবের সুন্দরী বউকে নাকি সবাই ভাবি ডাকে। আমরাও জানি আমাদের এগিয়ে যাওয়াটা আপনারা মেনে নিতে পারছেন না, তাই ছলে বলে কৌশলে আমাদের নিয়ন্ত্রন করতে চান।’
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে সভায় স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সভায়।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সজীব, তালুকদার মোঃ যোবায়ের আহমেদ টিপু। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান।
সভায় কেন্দ্রীয় নেতারা আগামী দিনের আন্দোলন সংগ্রাম ও বিএনপি জামাতের চক্রান্ত ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
