নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা আওয়ামীলীগের অধীন ১০ টি উপজেলা কমিটি ও দুইটি পৌরসভা কমিটির আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের সাথে সাংগঠনিক বিষয়ে এক বিনিময় সভা করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজে ‘সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা’র ব্যানারে এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় দশ উপজেলা ও পৌর কমিটির প্রায় সকল সভাপতি-সম্পাদকই উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দীপংকর তালুকদার ও মুছা মাতব্বরের পাশে বসেছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার।
সভায় কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, ‘ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমাদের অধীনে ১২ টি ইউনিটের সভাপতি-সম্পাদককে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দুয়েকজন বাদে মোটামুটি সবাই এই সভায় উপস্থিত ছিলেন। মূলতঃ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েই এই সভা অনুষ্ঠিত হয়েছে।’
