পানছড়ি প্রতিনিধি ॥
পানছড়িতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।
শুরুতেই প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমার সঞ্চালনায় নবাগত জেলা প্রশাসকের জীবনী ও উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এতে পানছড়ি’র পারিপার্শ্বিক অবস্থা সংক্রান্ত বিষয়াদি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির সাজু, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, পানছড়ি দুর্নিতি প্রতিরোধ কমিটি’র আহ্বায়ক বকুল চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, এই পানছড়ি দিয়েই শান্তিচুক্তি হয়েছে। এছাড়াও কৃষির পাশাপাশি পানছড়িকে পর্যটন এলাকা হিসেবে এগিয়ে নিয়ে যেতে সকলকে আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান শুরুতে বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি পানছড়ির উন্নয়নের সকল সুবিধা-অসুবিধা’র পদক্ষেপ নিবেন বলে আশাব্যক্ত করেন। পরে মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
এসময় উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনুর রশীদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, মৌজা হেডম্যান, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
