ইয়াছিন রানা সোহেল ॥
শিশু ধর্ষণ চেষ্টা মামলায় জেলার কাউখালী উপজেলার মুসলিম পাড়া এলাকার ভাড়াটিয়া গোপাল কৃষ্ণ নাথকে (৬০) ১০ বছরের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেছে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দন্ডপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় বলে জানা গেছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এই এম ইসমাইল হোসেন বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ রায় প্রদান করেন।
আদালতে রায়ের বিচারক এ এই এম ইসমাইল হোসেন বলেন, আসামি গোপাল কৃষ্ণ নাথ তার বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য ৭বছরের শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ হতে প্রমাণিত হয়েছে, ইসলামী ব্যাংকের অফিস সহায়ক তখন বের হয়ে না আসলে ঐ দিন শিশুটি ধর্ষণের শিকার হতেন।
বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) খ ধারা মোতাবেক ১০বছরের সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হলো।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট, আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে আসামী ভিকটিম শিশুটিকে বিকেলে খেলার সময় পানি আনার কথা বলে কৌশলে ডেকে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে ইসলামী ব্যাংকের অফিস সহকারী মো. জাবেদ বের হয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে একই দিন শিশুটির বাবা কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্ত শেষে পুলিশের রিপোর্ট, ভিডিও ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করা হয়।
