সাইফুল হাসান ॥
রাঙামাটিতে পাঁচটি চোরাই মোটর সাইকেলসহ পাঁচ জন চোরকে আটক করেছে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ। বুধবার বিকালে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোতয়ালি থানা পুলিশ জানান, সম্প্রতি রাঙামাটি শহর থেকে মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়ায় আমরা অভিযান চালিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি হতে চোরাইকৃত পাঁচটি মোটর সাইকেল সহ পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হই। আটকরা হলেন, শহিদুল ইসলাম (২০), মো: রুবেল (২৫), মো: ওসমান (২৫), মো: মুরাদ (২২), রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি রাঙামাটিতে মোটর সাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়টি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং অভিযানে চোর চক্রের সদস্যাদেরও আটক করি। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত পাঁচটি মোটর সাইকেল সহ পাঁচজন চোরকে গ্রেফতার করি।
তিনি আরও জানান, গত কয়েকদিনে এ পর্যন্ত আমরা ৭টি চোরাইকৃত মোটর সাইকেল এবং এরা সহ মোট ১০জন চোরকে আটক করতে সক্ষম হই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, আমরা এ চোর চক্রকে পুরোদমে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কয়েকজন আমাদের হাতে আছে আর যে দুই-চারজন আছে তারাও দ্রুত আটক হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
