নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাঘাইছড়ি দুর্গম সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নাামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এই ঘটনায় সজীব চাকমা (২২) নামেও আরও একজন আহত হয়েছে। বুধবার সকালে সাজেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি মেম্বার মোহলাল চাকমা জানান, এই এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রনাধীন। শুনেছি ইউপিডিএফ গতকাল রাতে এসেছিল। আজ সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে গুলি করেছে। এতে সুকেন চাকমা (২৫) ঘটনাস্থলে নিহত হয় এবং সজীব চাকমা (২২) কে আহত অবস্থায় দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে থাকেন। ওই এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত। তবে এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি।
সাজেক থানার ইনচার্জ নুরুল করিম বিকেলে বলেন, স্পটে গিয়ে আমরা লাশ খুঁজে পাইনি। তবে সেগুন গাছে গুলির চিহ্ন দেখেছি। স্থানীয়রা কেউ সহযোগিতা না করায় লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি প্রচার হয়েছে, সেই সূত্র ধরে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, সম্ভবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
