কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে শনিবার হতে ফের শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরিতে কাপ্তাই হ্রদে কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কারসহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রুহুল আমিন।
এদিকে কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকালে উপজেলার কাপ্তাই ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই হ্রদ হতে ১শত ৫জন শ্রমিক কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে পিআইও জানান।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কাপ্তাই হ্রদে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
এইসময় ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘিœত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসূচির আওতায় কাপ্তাই হ্রদে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।
