শুভ্র মিশু ও সাইফুল হাসান
রাঙামাটি শহর থেকে চুরি হওয়া দুইটি মোটর সাইকেলসহ একজন চোরকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাত ০৩টা ৪০ মিনিটে রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকার পাভেল চাকমা (৩৫) মালিকাধীন মোটর সাইকেল সুজুকি জিকসার (রেজি. নং- রাঙ্গামাটি-ল-১১-০৬১১) এবং রাত ০৪টা ১৫ মিনিটের দিকে ভেদভেদী মুসলিম পাড়াস্থ চৌধুরী মেনশন থেকে রাশেদুল ইসলাম (৪২) মালিকাধীন পালসার ১৫০সিসি (রেজি.নং- চট্ট মেট্টো-ল-১৩-২০১৫) চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। যার পরিপেক্ষিতে অভিযান চালিয়ে চুরি হওয়া দুইটি মোটর সাইকেলসহ একজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে রাঙামাটি সদর হাসপাতাল এলাকার বাসিন্দা মো: সোলাইমান’র ছেলে মো: মিজানুর রহমান মিজান (২২) কে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে অন্য আরেকটি মোটর সাইকেল উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালালে এসময় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে ফেলে জঙ্গল দিয়ে চোর পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, মধ্যরাতে রাঙামাটি শহরের দুইটি স্থান থেকে দুইটি মোটর সাইকেল চুরি হওয়ার অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ ফাঁড়িগুলো সতর্ক করে দেয়। এসময় রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিনের নেতৃত্বে এসআই নয়ন কুমার চক্রবর্তী, মো. মাজেদুল ইসলাম, এএসআই মো. রফিকুল ইসলাম মজুমদারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ঘাগড়া এলাকা হতে একটি মোটর সাইকেল ও চোরকে ধরতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরে আরেকটি মোটর সাইকেল উদ্ধারের জন্য অভিযান চালান পুলিশ। এসময় মানিকছড়ি চেক পোস্ট এলাকা হতে পুলিশ তল্লাশিকালে দুইজন চোর পুলিশের ধাওয়া খেয়ে একটি মোটর সাইকেল রেখে জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শহরের মোটর সাইকেল চুরি হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা এই চোর চক্রের সাথে জড়িত সকলকে আটক না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যহত থাকবে।
