বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি মহিলা আওয়ামী লীগের সম্মেলন ৯ ডিসেম্বর এবং যুবমহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।
আজ শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জাতীয় বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনের ব্যাপারে নির্দেশনা দেন। এর পরই দলটিতে সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু হয়। গত রবিবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হওয়ার তথ্য জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে কেন্দ্রীয় সম্মেলনের আগে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা সম্মেলন হবে কিনা নিশ্চিত হওয়া যায়নি। গতমাসেই সম্মেলন হয় বান্দরবান জেলা ছাত্রলীগের। একই সময়ে তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের। আর নির্ধারিত মেয়াদ বহু আগেই শেষ হয়ে প্রায় আট বছর হতে চলা রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন কবে হবে জানেনা কেউই। সম্মেলনের জন্য গত মাসখানেক ধরে ঢাকায় আসা যাওয়া করছেন রাঙামাটির পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতারা। জেলা আওয়ামীলীগের সভাপতি,সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা দীপংকর তালুকদারও জেলা ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বললেও আজ অবধি ঘোষিত হয়নি সম্মেলনের কোন তারিখ।
