রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউপি নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন কাজী নুরুল আলম আলমগীর। তিনি আওয়ামী লীগ মনোনীতনৌকা প্রতীকের প্রার্থী। সবশেষ ২০১১ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গত সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বরুন বিকাশ রোয়াজা ও স্বতন্ত্র প্রার্থী অংসালা মারমা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে অন্য কোন প্রার্থী না থাকায় ২নং ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম আলমগীর চেয়ারম্যান হতে যাচ্ছেন।
উল্লেখ্য, কাজী নুরুল আলম আলমগীর রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১১ সালে তিনি ইউপি চেয়ারম্যান নিযুক্ত হোন। ২০১৬ সালে অনুষ্ঠিত রামগড় ইউপি নির্বাচনে মনোননয় না পেয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।
