লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকালে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর সুবিধাভোগী ৩৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, লবন ও সাবান। এছাড়া স্থানীয় একটি মসজিদের জন্য দুই বান্ডেল ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, করোনা মহামারীর এই সময়ে অবশ্যই সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আশ্রয়ণে বসবাসরত সবাই যেন নিরাপদে থাকে সে বিষয়ে সকলের সহযোগিতা দরকার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার বাসিন্দাদের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ, সীমানা প্রাচীর নির্মাণ, এবাদতখানা নির্মাণসহ আরও প্রয়োজনীয় সকল সুবিধা প্রদান করা হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু থানার ওসি আরিফুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সার্ভেয়ার কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
