কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা এলাকার ডলুছরি গ্রামের এক বাসিন্দা গত ৫-৬ দিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার গ্রামের বাড়িতে বসবাসরত পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা ওই রোগীর ঘরে কোন খাদ্যসামগ্রী না থাকায় তার মেয়ে বাজারের জন্য বাইরে যেতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে।
এমতাবস্থায় খাবারের জন্য উপায়ন্তর না দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে খাদ্য সহযোগিতা চায়। ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে (১২ জুলাই) চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নির্দেশে এসআই কাজী আনোয়ার হোসেন ও এএসআই মো. শাহজাহান আলী নদী পার হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাহায্য প্রার্থীর বাড়িতে পৌঁছে দেয়।
এদিকে চন্দ্রঘোনা থানা পুলিশের এমন সহযোগিতা পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় ওই পরিবারের সদস্যরা। চন্দ্রঘোনা থানার এমন মানবিক কাজ সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এভাবে মহামারি চলাকালীন মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়- এমন প্রত্যাশা সকলের।
