লংগদু প্রতিনিধি
অন্যান্য সময়ের তুলনায় সম্প্রতি রাঙামাটির লংগদুতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েই চলছে। করোনা মহামারির দ্বিতীয় ধাপে এ পর্যন্ত আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করলে তাদের ৫ জনের দেহে কভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কভিড -১৯ এর দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের প্রত্যেকেই জ্বর, গলা ব্যাথার মত উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন করোনা টেস্ট করাতে। আক্রান্তদের সবাইকে নিজস্ব ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে মঙ্গলবার আক্রান্ত ৫ জনের মধ্যে একজন নারী হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, লংগদুতেও কভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষ সচেতন না হলে তা আরও ভয়াবহ অবস্থা হতে পারে। উপজেলা পর্যায়ে কভিডের তেমন কোনো চিকিৎসা নেই। মাত্র ৫ জন রোগী ভর্তি করার ব্যবস্থা আছে। এছাড়া অক্সিজেন আছে মাত্র ২০ সিলিন্ডার। মানুষ সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। অবশ্যই ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরতে হবে। এছাড়া যাদের শরীরে সামান্যতম উপসর্গ দেখা দিবে তাদের অবশ্যই করোনা টেস্ট করানো দরকার। কভিড-১৯ এর মহামারীর এমন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
