মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
‘নান্দনিক বাঘাইছড়ির জন্য আমরা’ এই স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক তরুণ তরুণীদের নিয়ে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে সকালে হৃদয়ে বাঘাইছড়ি অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। একইদিন বিকাল তিনটায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হৃদয়ে বাঘাইছড়ি প্রধান সমন্বয়ক জুয়েল দেব’র সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলাম ও জয়া দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া পিএসসি আর্টিলারি।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী হোসেন, কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, হৃদয়ে বাঘাইছড়ির উপদেষ্টা মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও হৃদয়ে বাঘাইছড়ির সদস্য এবং অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় হৃদয়ে বাঘাইছড়ির পক্ষ থেকে অতিথিদের মধ্যে তাদের সম্মাননার্থে সম্মাননা স্মারক ও হৃদয়ে বাঘাইছড়ির র্টি-শাট তুলে দেওয়া হয় এবং উক্ত সংগঠনের সক্রিয় সদস্যদের সামাজিক কাজে অনুপ্রাণিত করার জন্য সম্মাননা দেওয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
