বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার তারাছার বাদুর ঝর্ণায় গোসল করতে নেমে ডুবে যাওয়া মোছাম্মৎ আদনিন নামে নিখোঁজ আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বান্দরবানের তারাছা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাকির এই লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। আদনিনের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় নাম জহিরুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, রাতে প্রচন্ড ঠান্ডা থাকায় উদ্ধারকারী দল নিখোঁজ দুই পর্যটক উদ্ধারে নামতে পারেনি, তবে সকালে উদ্ধার তৎপরতায় নামে একটি ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির পরে বাদুরছড়া ঝর্ণার পাশে সাঙ্গু নদীর একটি বাঁক থেকে আদনিনের মরদেহ উদ্ধার করে ডুবরি দল। এদিকে আহনাফ আকিব নামে আরও একজন পর্যটক এখনও পানিতে নিখোঁজ রয়েছে।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে বান্দরবান বেড়াতে এসে সদর থেকে নৌকা করে তারাছার বাদুর ঝর্ণা দেখতে গিয়ে পানিতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যু হয় মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের আর এসময় পানিতে ডুবে নিখোঁজ হয় দুইজন আর সকালে তাদের মধ্যে মোছাম্মৎ আদনিনের মরদেহ উদ্ধার হলেও এখনো পানিতে নিখোঁজ আহনাফ আকিব।
