মাটিরাঙ্গা প্রতিনিধি
হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধন করেছে মাটিরাঙ্গা উপজেলার ইমাম ওলামা কল্যাণ সমিতি ও মাটিরাঙ্গার সর্বস্তরের নবী প্রেমিক মুসলিম জনতা।
শুক্রবার দুপুর ২টায় মাটিরাঙ্গা উপজেলার ইমাম ওলামা কল্যাণ সমিতি ও সর্বস্তরের নবী প্রেমিক মুসলিম জনতার আয়োজনে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব মো.হারুনুর রশীদের সভাপতিত্বে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।
মানববন্ধনে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব মো.হারুনুর রশীদ বলেন, মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না। তিনি আরো বলেন, সারা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম প্রকৃত অর্থে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। মাটিরাঙ্গা ইমাম ওলামা ও সর্বস্তরের নবী প্রেমিক তাওহিদী জনতা হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্বনবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান বক্তারা।
এ সময় মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, খাগড়াছড়ি জেলা কওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতী মো. আব্দুল হান্নান জুলফিকার ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো.সলিম উল্যাহ, কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন ডিলার ছাড়াও সম্মিলিত ইসলাম প্রচার সংস্থা, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এবং মাটিরাঙ্গা ক্বওমী ওলামা ঐক্য পরিষদ ও ইমাম ওলামা কল্যাণ সমিতির ব্যানারে হাজার হাজার তাওহীদি জনতা স্বত:স্ফুর্ত ভাবে মানববন্ধনে অংশগ্রহন করে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নবীন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।
