নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ফয়েজ্জ এবং গিয়াস দুই আসামি কারাগারে এবং অপরজন মো. নুরুল কবির প্রকাশ নুরাইয়া পলাতক রয়েছে। সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া আদালত এই আদেশ দেন।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ১৯৯১ সালের ১১ এপ্রিল জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দার গোলাম কাদেরের পুত্র আব্দুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নিহতের বড়ভাই জহির আহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার জি আর মামলা নং- ১৫/১৯৯১। উক্ত মামলায় সাক্ষ্য গ্রহণের পর উভয় পক্ষের যু্ক্িততর্ক শুনানি শেষে বিজ্ঞ বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়ার আদালত অভিযুক্ত ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একসাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করে দন্ডাদেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৩০২ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করে দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
মামলার বাদী নিহতের বড় ভাই জহির আহাম্মদ বলেন, নববিবাহিত স্ত্রী’কে আমাদের না জানানোর কথা বলে রাতে বাসা থেকে বেড়িয়েছিল ছোটভাই। পরেরদিন সকালে রাস্তারপাশে ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবে তারা আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল। যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে আমরা সন্তুষ্ট।
