বাঘাইছড়িতে সাত খুন ও বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি আওয়ামীলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, চিং কিউ রোয়াজা ও অংসু প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সাম্প্রতিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার জন্য জনসংহতি সমিতি ও ইউপিডিএফকে দোষারোপ করেন। তারা বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের অভিযান পরিচালনা করে পাহাড় থেকে অবৈধ অস্ত্রধারীদের নির্মূল করতে হবে। পাহাড়ে আর কোনও রক্ত দেখতে চাই না উল্লেখ করে বক্তারা বলেন, বার বার আওয়ামীলীগ নেতৃবৃন্দের ওপর হামলা করে পার পেয়ে যাচ্ছে জনসংহতি সমিতি। আর কোনওভাবেই তাদের ছাড় দেওয়া হবে না বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
