রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন করে ফেরার পথে সন্ত্রাসী হামলায় নিহত সহকর্মীদের হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকরা।
বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বাঘাইছড়ি উপজেলা কমিটির সবাপতি রিপানজু চাকমা,প্রধান শিক্ষক সমিতির নেতা নুরুল ইসলাম, মিন্টু চাকমা,আশিকুর রহমান মানিক,হাবিবউল্লাহ,ওমর ফারুক,মীর কামাল হোসেন,জয়নাল আবেদিন,নান্টা তালুকদার,মামুন মনছুরসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা।
বক্তারা সরকারি দায়িত্ব পালনকালে শিক্ষক ও সরকারি কর্মচারিদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকরা জাতির মেরুদন্ড,এইভাবে হামলার ঘটনা জাতীয় দায়িত্ব পালনে শিক্ষকদের অনুৎসাহিত করবে।
শিক্ষক নেতারা অনুরোধ করে বলেন, ‘ ভবিষ্যতে এইরকম ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের আগে যেনো অবশ্যই শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়,নতুবা শিক্ষরা দায়িত্ব পালন করবে না,বলেও হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।
