রাঙামাটির নতুন পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর রাঙামাটিতে কর্মরত সাংবাদিক সাথে মতবিনিময় করেছেন। রোববার সকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটির নবাগত পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার এস কে এইচ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় রাঙামাটির বিভিন্ন সমস্যা মোকাবিলা তথ্য প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়য়ে মতবিনিময়ে অংশ নেয় রাঙামাটিতে কর্মরত সংবাদিকরা।
এতে রাঙামাটিতে মাদক, সাম্প্রদায়িক গুজব ছড়ানো, ইভটিজিং, সিএনজি অটোরিক্সা চালকদের যখন তখন সামান্য সমস্যাতেও সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া এবং বেশ কিছু চালকের খারাপ ব্যবহারের মত সমস্যাগুলো নিয়ে আলোচনায় সরব ছিলেন রাঙামাটির জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকসুদ আহমদ, রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সভাপতি সুশীল চাকমা, চ্যানেল২৪ এর রাঙামাটি প্রতিনিধি শামসুল আলমসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।
রাঙামাটির নবাগত পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর এসব সমস্যা সমাধানে রাঙামাটিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আমরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করবো আপনাদের এই বিষয়ে কোনও তথ্য থাকলে তা অবশ্যই আমাদের দিয়ে সহযোগিতা করবেন। তবে অভিযান পরিচালনার পাশাপাশি আমাদের মাদকের চাহিদা কমাতে হবে। অন্যথায় মাদক দ্রব্যের দাম বাড়বে কিন্তু চাহিদা ঠিকই থেকে যাবে, আর চাহিদা থাকলে, মাদকদ্রব্য বিরোধী অভিযান যতই চালানো হোক না কেন, তা সফলতা কমই আসবে।
সিএনজি অটোরিক্সা চালকদের বিষয়ে তিনি বলেন, আমরা তাদের নেতাদের সাথে কথা বলবো, তাতেও যদি তারা যখন তখন যে কোন কারণে সিএনজি বন্ধ করা এবং যাত্রীদের সাথে যে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে তা বন্ধ না করে তাহলে আমরাও রাঙামাটিবাসী এবং পর্যটকদের চাহিদা অনুসারে আইন প্রয়োগের মত বিকল্প ব্যবস্থার দিকে যাবো। দুর্ভোগসৃষ্টিকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তথ্য দানের নিশ্চয়তার বিষয়ে বলেন, সাংবাকিদের বিভিন্ন তথ্য প্রদানের জন্য আমি আমাদের সভায় মিডিয়া কনফারেন্স রুমের বিষয়েও আলোচনা করবো, এতে করে আমাদের বিভিন্ন সময় না পেলেও সাংবাদিকদের তথ্য পেতে কোন সমস্যা হবে না। এছাড়াও নবাগত পুলিশ সুপার ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎতে পুলিশের সাহসী ভূমিকা পালনের কথা জানান।
এই সময় রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) নুরুল আলম সিদ্দিকি, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙামাটির নবাগত পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, এর আগে রাজশাহী ও পাবনার পুলিশ সুপার এবং সর্বশেষ ডিএমপির উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন নাটোরের এই সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি গত ১৯ মার্চ রাঙামাটি পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।
