শিক্ষার্থীদের মানবিক বিকাশে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এক্ষেত্রে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন তিনি। রোববার সকালে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এসময় চেয়ারম্যান বলেন, ‘সন্তানদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা নিতে হবে। শিক্ষার্থীরা যাতে সঠিক জ্ঞান ধারণ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ’
শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মুছা মাতব্বর’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি নাসির উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মাওলা মোহাম্মদ শাহ জাহান, পরিচালনা কমিটির সদস্য অলি আহমেদ, আরিফুল ইসলাম মানিক, কালিপদ দাশ, মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি আরও বলেন, এ জন্য শিক্ষক অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। তা না হলে প্রকৃত শিক্ষার উন্মেষ ঘটবে না। সমাজও উন্নয়নের দিকে এগিয়ে যাবে না।
আলোচনা সভার পরে শাহ উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পৃষ্ঠপোষকতা করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ কোটি ১৫ লক্ষ টাকার ব্যয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুপরিসর অডিটরিয়াম ভবন নির্মাণ করে। চেয়ারম্যান অডিটরিয়াম ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ সুস্থভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি অডিটরিয়ামে অন্যান্য আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
