অরণ্য ইমতিয়াজ
পার্বত্য জেলা রাঙামাটিতে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমন। গত ৩ দিনে জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৭ জন। এদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর পরিবারের ৬ জন সদস্যও আছেন বলে জানা গেছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, গত তিনদিনে যথাক্রমে ৯ জন, ১১ জন এবং সর্বশেষ সোমবার ৭ জন সহ মোট ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ১ হাজার ৫১৯ জন এই মহামারিতে সংক্রমিত হলেন,যাদের মধ্যে মারা গেছেন ১৭ জন।
সোমবার যে সাতজনের শরীরে কোভিড সংক্রম পাওয়া গেছে,তাদের ৫ জন রাঙামাটি শহরের এবং বাকি ২ জন কাপ্তাই উপজেলার। এদের জনের নমুনা পরীক্ষা করা হয় রাঙামাটি পিসিআর ল্যাবে এবং একজনের পরীক্ষা হয় এন্টিজেনের মাধ্যমে।
রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, রাঙামাটিতে এই পর্যন্ত মোট ১০ হাজার ৪৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫১৯ জন পজিটিভ এবং ৮ হাজার ৯২৯ জন নেগেটিভ হয়েছেন।
সূত্রটি জানাচ্ছে, জেলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৬০২ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন,যাদের মধ্যে মাত্র ১৮ হাজার ৮৬১ জন দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন।
ডা: মোস্তফা কামাল জানাচ্ছেন,হঠাৎ করেই সংক্রমন বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পড়ার কোন বিকল্প নেই। সবার প্রতি বিনীত অনুরোধ রাখছি যেনো নিয়মের মধ্যেই চলাফেরা করেন সবাই।
