বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার হাজীপাড়া গ্রামের প্রবেশমুখে একটি বৈদ্যুতিক খুঁটি (লোহার পাইপ দ্বারা তৈরী) প্রায় এক বছর ধরে দেড় ফুট ওপর থেকে ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু এতদিনেও সেই খুঁটি পরিবর্তন করেনি কর্তৃপক্ষ। খুঁটিতে রয়েছে, ২৪০ ভোল্টেজ সঞ্চালন লাইন। ঝুঁকিপূর্ণ এই খুঁটি ভেঙে পড়লে যেকোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

হাজীপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, স্থানীয় হার্ডওয়ার দোকানে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় খুঁটিটি ভেঙে যায়, যার কারণে হার্ডওয়ার দোকানদার থেকে বিদ্যুৎ অফিস ১০হাজার টাকা জরিমানা নেয়।
এ বিষয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগাত চাকমা বলেন, ‘সে সময় ওই এলাকার লাইনম্যান হিসেবে দায়িত্বে ছিলো সোহেল। টাকা লেনদেনের বিষয় সম্পর্কে আমি অবগত নই। খুঁটির ওপরে ২৪০ ভোল্টেজের লাইন সঞ্চালন রয়েছে, তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তবে যখন প্রকল্প আসবে, পরিবর্তন করা হবে।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নুর আলম বলেন, দীর্ঘদিন ধরে খুঁটিটি বিপদজনক অবস্থায় রয়েছে।এতে মানুষের মনে এক ধরণের আতঙ্ক ছড়াচ্ছে। দ্রুত পরিবর্তনের দাবি জানাচ্ছি।
