জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুস্থ সবল জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নাই। নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে সরকার যে সব আইন প্রণয়ন করছেন তার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রুপ্না চাকমা, ক্যাব এর সম্পাদক মো: মোস্তফা কামাল বক্তব্য রাখেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্য দিবস এর মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহিদা আলম ও সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে প্রত্যেকের নিজস্ব রান্না ঘরের পরিবেশ থেকেই এর সূচনা করতে হবে। এ ক্ষেত্রে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস প্রত্যেকের নিজ নিজ ঘর থেকেই শুরু করতে হবে।
তিনি বলেন, যারা অনিরাপদ এবং ভেজাল খাদ্য বিক্রি করেন তাদের কোন মতেই ছাড় দেয়া যাবে না। এদের সবার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যারা অতিরিক্ত মুনাফার লোভ ভেজাল খাবার সরবরাহ ও বিক্রি করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে তারা সমাজ এবং দেশের শত্রু। তিনি রাঙামাটিবাসীর পানীয় জলের প্রধান উৎস কাপ্তাই হ্রদকে দূষণের হাত থেকে রক্ষাসহ রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সম্মুখভাগ হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
