নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে রাঙামাটির সাংবাদিকরা।
শনিবার সকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে জামাল হত্যার বিচারের দাবিতে রাঙামাটি প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক জামালের ছোটবোন ও সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি ও সাংবাদিক হত্যা-নির্যাতনকারীদের বিচারের আওতায় না আনার কারণে সাংবাদিকরা বিভিন্ন সময়ে হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে।’
প্রসঙ্গত, ২০০৭ সালের ৫ মার্চ নিখোঁজ হয় রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দিন। পরদিন (৬ মার্চ) রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যানপাড়ার বন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাংবাদিক জামাল সে সময় দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে কর্মরত ছিলেন।
